এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা ২০২৬ (সংশোধিত)

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। সংশোধিত নীতিমালায় স্বয়ংক্রিয় সফটওয়্যার এর মাধ্যমে এমপিওভুক্ত সকল শিক্ষক বদলির সুযোগ পাবেন।
সংশোধিত বেসরকারি এমপিও শিক্ষক বদলি নীতিমালা ২০২৬ (স্কুল-কলেজ)
দেশের সকল এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের স্বয়ংক্রিয় সফটওয়্যার এর মাধ্যমে বদলি কার্যক্রম বাস্তবায়নের জন্য নীতিমালা প্রকাশ করা হয়েছে।
৬ মে ২০২৬ খ্রি. তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এমপিও শিক্ষকদের বদলির সংশোধিত নীতিমালা প্রকাশ করা হয়।
মন্ত্রণালয়ের সচিব মোঃ মিজানুর রহমান স্বাক্ষরিত বদলি নীতিমালায় শিক্ষকদের বদলি সংক্রান্ত সকল তথ্য নীতিমালার আকারে প্রকাশ করা হয়েছে।
শিক্ষকদের এই বদলি প্রক্রিয়া পুরোপুরি স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হবে। এক্ষেত্রে বদলি নীতিমালায় বর্ণিত সকল শর্ত পূরণ সাপেক্ষে শিক্ষকদের বদলি করা হবে।
বদলি নীতিমালার আওতার যারা
এই নীতিমালাটি কেবলমাত্র বেসরকারি স্কুল, কলেজ এর এমপিওভুক্ত শিক্ষক এর জন্য প্রযোজ্য হবে। এছাড়া প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান ও ট্রেড ইনস্ট্রাক্টররা এই বদলির সুযোগ পাবেন। তবে কর্মচারীদের ব্যাপারে বদলি নীতিমালায় কিছু বলা হয়নি।
যারা শিক্ষকদের বদলির আবেদন নিষ্পত্তি করবেন
স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন নিষ্পত্তি করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
তবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বদলির বিষয়টি তদারকি করবেন বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে।
এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালার শর্তাবলী
এমপিওভুক্ত শিক্ষক বদলির জন্য নীতিমালার ৩ নম্বর অনুচ্ছেদে ১৮টি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এসব শর্ত মেনে শিক্ষকদের বদলির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নিম্নে নীতিমালার শর্ত হুবহু প্রকাশ করা হলো:
৩.১ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠানভিত্তিক শূণ্যপদের চাহিদা/বিবরণ সরকার কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে প্রকাশ করবে।
৩.২ প্রকাশিত শূন্য পদের বিপরীতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষকদের আবেদন আহ্বান করবে।
৩.৩ সমস্তরের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান/সহকারী প্রধান/একই বিষয়ের শিক্ষক সমপদ শূন্য থাকা সাপেক্ষে প্রতি বৎসর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আবেদন গ্রহণ, বদলির আদেশ জারি ও নতুন কর্মস্থলে যোগদান কার্যক্রম সম্পন্ন হবে।
৩.৪ আবেদনকারী শিক্ষক তাঁর চাকরির আবেদনে উল্লেখকৃত নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন। নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোন জেলায় বিদ্যমান শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবে।
এছাড়াও আবেদনকারী শিক্ষক স্বামী/স্ত্রীর নিজ জেলা অথবা স্বামী/স্ত্রীর কর্মস্থল জেলায় (সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত/এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান) বদলির আবেদন করতে পারবে।
৩.৫ প্রথম যোগদানের পর চাকরি দুই বছর পূর্ণ হলে বদলির আবেদন করার জন্য যোগ্য হবেন।
৩.৬ বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম দুই বছর কর্মে নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবেন।
৩.৭ একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ তিন বার বদলি হওয়ার সুযোগ পাবেন।
৩.৮ একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে, নিম্নেবর্ণিত অগ্রাধিকার বিবেচনা করতে হবে:-
(ক) নারী
(খ) দূরত্ব
(গ) স্বামী/স্ত্রীর কর্মস্থল জেলা (সরকারি/ আধা সরকারি/স্বায়ত্তশাসিত/ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান)
(ঘ) জ্যেষ্ঠতা
৩.৯ চাকরির জ্যেষ্ঠতা সর্বশেষ জারিকৃত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী গণনা করা হবে।
৩.১০ একটি পদের জন্য প্রতিযোগী সকল আবেদনকারীর কর্মস্থল একই উপজেলায় হলে তাদের বর্তমান কর্মস্থল যে উপজেলায় সে উপজেলার কেন্দ্র হতে কাঙ্খিত উপজেলার কেন্দ্র-এর দূরত্ব পরিমাপপূর্বক অগ্রাধিকার নির্ধারণ করতে হবে।
৩.১১ একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন উপজেলার হলে তাদের কর্মস্থল যে উপজেলায় সে উপজেলার কেন্দ্র হতে কাঙ্খিত জেলার কেন্দ্র-এর দূরত্ব পরিমাপপূর্বক অগ্রাধিকার নির্ধারণ করতে হবে।
৩.১২ একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারীর কর্মস্থল বিভিন্ন জেলায় হলে তাদের স্ব-স্ব জেলার কেন্দ্র হতে কাঙ্খিত জেলার কেন্দ্রের দূরত্ব পরিমাপ করতে হবে।
৩.১৩ দূরত্ব পরিমাপের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়-এর অনুসৃত মডেল অনুসরণ করা হবে।
৩.১৪ অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না। ইচ্ছাকৃত ভুল তথ্য প্রদান প্রমাণিত হলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
৩.১৫ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক নিয়োগ সুপারিশ কার্যক্রমের পূর্বে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষক বদলি কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করবে।
৩.১৬ একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছরে সর্বোচ্চ ০২ (দুই) জন শিক্ষক অগ্রাধিকারভিত্তিতে [নারী ও জ্যেষ্ঠতা] বদলির সুযোগ পাবেন। তবে এক বিষয়ে একজনের অধিক শিক্ষক বদলির সুযোগ পাবেন না। (প্রযোজ্য ক্ষেত্রে)
৩.১৭ আবেদনকারী শিক্ষক বদলির আবেদনে সর্বোচ্চ ০৩ (তিন) টি কাঙ্খিত প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন।
৩.১৮ সরকার জনস্বার্থে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বদলী করতে পারবে।
এমপিও শিক্ষকদের বদলি নীতিমালার বিস্তারিত শর্ত জানতে নিচের অনুচ্ছেদে যুক্ত নীতিমালা পড়ুন।
২০২৬ সালের স্কুল-কলেজের এমপিও শিক্ষক বদলির সংশোধিত নীতিমালা PDF
স্কুল-কলেজের সংশোধিত এমপিও শিক্ষক বদলি নীতিমালার পিডিএফ কপি ৬ মে ২০২৬ খ্রি. তারিখে শিক্ষা মন্ত্রনালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। নীতিমালার পিডিএফ কপি ডাউনলোড করুন এখান থেকে।
আমরা শিক্ষকদের সুবিধার্থে নীতিমালার পিডিএফ কপি রুপান্তরিত ইমেজ কপি নিচের অনুচ্ছেদে সংযুক্ত করেছি। ভবিষ্যতের প্রয়োজনে নীতিমালাটি নিজের কাছে সংরক্ষণ করুন।



আরো দেখুন:
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও নীতিমালা ২০২৫
এমপিওভুক্ত এইচএসসি কলেজের পাসের হার নির্ধারণ
এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক বদলি নীতিমালা ২০২৪





